
নিজস্ব প্রতিবেদক
প্রায় ২৪ ঘণ্টার ভোগান্তির পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যান চলাচল স্বাভাবিক হয়েছে। আষাড়িয়ারচর ব্রিজের সংস্কারকাজ শেষ হওয়ায় শনিবার (২৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার পর মহাসড়কের উভয় পাশে যান চলাচল শুরু হয়।
এতে দীর্ঘ সময় যানজটে আটকে থাকা যাত্রী ও চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে মহাসড়কে এখনও কিছুটা যানবাহনের চাপ রয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, আষাড়িয়ারচর ব্রিজের ঢাকা অভিমুখী লেনের একটি অংশে বড় গর্তের সৃষ্টি হয়। সময়ের সঙ্গে গর্তটি বড় হয়ে উঠলে দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়।
এ অবস্থায় শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১১টার দিকে গর্তটি সংস্কারের উদ্যোগ নেয় সড়ক বিভাগ।
সংস্কারকাজ চলার সময় মহাসড়কের একটি লেন বন্ধ রাখা হয়। ফলে অপর লেন দিয়ে দুই দিকের যানবাহন চলাচল করতে থাকে। এতে ধীরে ধীরে গাড়ির চাপ বাড়তে শুরু করে।
একটি লেন দিয়ে উভয় দিকের যানবাহন চলাচল করায় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে রাতের দিকে গাড়ির চাপ আরও বেড়ে যাওয়ায় পরিস্থিতি জটিল হয়ে পড়ে।
একপর্যায়ে যানজট মহাসড়কের আশপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ে। এর প্রভাব পড়ে দাউদকান্দি ও মেঘনা টোলপ্লাজা এলাকাতেও।
দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী, চালক ও পরিবহন শ্রমিকরা।
শনিবার সকাল থেকে ধীরে ধীরে মহাসড়কে যানবাহনের চাপ কমতে শুরু করে। তবে তখনও গাড়ি চলাচল ছিল ধীরগতির।
পরে দুপুর সাড়ে ১২টার দিকে আষাড়িয়ারচর ব্রিজের সংস্কারকাজ শেষ হলে মহাসড়কের দুই পাশেই যান চলাচল শুরু হয়। এতে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেম দাস রায় বলেন, ব্রিজের সংস্কারকাজ শেষ হওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে মহাসড়কে এখনও কিছুটা যানবাহনের চাপ রয়েছে।
তিনি জানান, যানজট পুরোপুরি নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে।