প্রিন্ট এর তারিখঃ জুলাই ১২, ২০২৬, ১২:১২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২৬, ৯:৩৭ এ.এম
৬ ঘণ্টায় ঢাকায় ৭৬ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় চরম ভোগান্তি
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১২ জুলাই) ভোর থেকেই রাজধানীতে টানা বৃষ্টিতে সৃষ্টি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অফিসগামী মানুষ এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত রাত ১২টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত মাত্র ছয় ঘণ্টায় ঢাকায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মাসে একদিনে সর্বোচ্চ। এছাড়া শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবীর জানান, সাগরে সৃষ্ট নিম্নচাপ, সক্রিয় মৌসুমি বায়ু এবং বায়ুচাপের তারতম্যের কারণে গত এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। রোববারও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে।
টানা বর্ষণে রাজধানীর বিজয় সরণি, মানিক মিয়া অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ধানমন্ডি, মিরপুরের কাজীপাড়াসহ বিভিন্ন এলাকায় পানি জমে যান চলাচল ব্যাহত হয়েছে। অনেক স্থানে সড়কে পানি জমে থাকায় যানজটের পাশাপাশি পথচারীদেরও ভোগান্তি বেড়েছে।
এদিকে দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতিরও অবনতি হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগে গত কয়েক দিনে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যদিও শনিবারের তুলনায় এসব অঞ্চলে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে।