
মোঃ রাহিমুল ইসলাম হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি:
সাংবাদিকদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে) গঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত বিশেষ সম্মিলনে ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত বৃহত্তর রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক বলেন, “সাংবাদিকরা ভয় বা চাপের মুখে কলম থামাবেন না। আমরা সত্যের পক্ষে, আর সত্য রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব।”
প্রধান আলোচক আরপিইউজে’র সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান বলেন, “গণতন্ত্রের জন্য তথ্যের স্বাধীনতা অপরিহার্য। সাংবাদিকদের নিরাপত্তা ছাড়া এই স্বাধীনতা বাস্তবায়ন সম্ভব নয়।”
সম্মেলনে জেলার ৯টি উপজেলা থেকে আগত প্রায় দেড় শতাধিক সংবাদকর্মী মাঠে কাজের সময় প্রাপ্ত হুমকি ও হয়রানির অভিজ্ঞতা শেয়ার করেন। কেউ প্রভাবশালীদের ভয়ভীতি প্রদর্শনের কথা উল্লেখ করেন, কেউ জানান প্রশাসনিক বাধা সত্ত্বেও দায়িত্ব পালন করতে হয়। তারা সাংবাদিকদের জন্য কার্যকর সুরক্ষা নীতিমালা প্রণয়নের দাবি জানান।
কুড়িগ্রামের পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান আশ্বাস দিয়ে বলেন, “সাংবাদিকদের নিরাপত্তায় পুলিশ সর্বদা পাশে থাকবে। হয়রানি বা হামলার ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ, এনসিপি জেলার প্রধান সমন্বয়কারী মোঃ মুকুল মিয়া, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব। এছাড়া উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজার রহমান খন্দকার, আরপিইউজে’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাদশা ওসমানী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক ও ট্রেজারার মমিনুল ইসলাম রিপন। সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম।
নবগঠিত আহ্বায়ক কমিটি:
♦ আহ্বায়ক: আরিফুল ইসলাম রিগান (বাংলা ট্রিবিউন ও আজকের পত্রিকা)
♦ সদস্য সচিব: মনোয়ার হোসেন লিটন (দৈনিক জনকণ্ঠ ও এটিএন নিউজ)
♦ সিনিয়র যুগ্ম আহ্বায়ক: আমিনুল ইসলাম (বাংলাদেশ প্রতিদিন ডিজিটাল)
♦ যুগ্ম আহ্বায়ক: বাবুল জামান (দৈনিক আমার দেশ), রাশিদুল ইসলাম রাসেদ (প্রতিদিনের বাংলাদেশ), তামজিদ হাসান তুরাগ (কালের কণ্ঠ)
♦ সদস্য: আব্দুল্লাহ আল মুজাহিদ (কালবেলা), রাশেদুজ্জামান তাওহীদ (গ্লোবাল টিভি), মুহাম্মাদ জুবায়ের (স্টার নিউজ)
সাংবাদিক নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত আহ্বায়ক কমিটি দ্রুত একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও পেশাগত উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।
মোঃ রাহিমুল ইসলাম হৃদয় 

























