
মোঃ মাসুম বিল্লাল, স্টাফ রিপোর্টার
তপ্ত রোদে শ্রমিক সংকট আর ধানের নায্য মূল্য নিয়ে দুশ্চিন্তায় থাকা মণিরামপুরের অসহায় ও হতদরিদ্র কৃষকদের পাশে দাঁড়িয়েছেন ৮৯ যশোর-৫ মণিরামপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। রবিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার নেহালপুর ইউনিয়নের আড়পাতা বিলে ধান কাটার বিশেষ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন শেষে এমপি নিজেই কাস্তে হাতে নিয়ে কৃষকের ক্ষেতের ধান কাটা শুরু করেন,তার সাথে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরাও ধান কাটায় অংশ নেন। প্রতি বছরের ন্যায় এবারও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কৃষকের এই ধান কাটার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উদ্বোধনী বক্তব্যে এমপি গাজী এনামুল হক বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকই আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি।
শ্রমিক সংকটের কারণে কোনো কৃষকের ধান যেন মাঠে নষ্ট না হয়, সেজন্য আমরা এই উদ্যোগ নিয়েছি,পুরো মৌসুম জুড়ে আমাদের এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”এলাকার প্রান্তিক কৃষকরা জানান,বর্তমানে তীব্র শ্রমিক সংকটের কারণে এক বিঘা জমির ধান কাটতে যে পরিমাণ অর্থ ব্যয় হয়, তা তাদের সাধ্যের বাইরে চলে যাচ্ছিল। সংসদ সদস্যের এমন সময়োপযোগী উদ্যোগে তারা অত্যন্ত আনন্দিত ও স্বস্তি প্রকাশ করেছেন।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মণিরামপুর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে কৃষকদের উৎসাহ প্রদান করেন।
Reporter Name 




























