
সাভার প্রতিনিধি:
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি হিসেবে সাভার পৌর এলাকার যুবলীগ নেতা সেলিম রেজাকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।
আজ ভোররাতে সাভার পৌর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাভারের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।
পুলিশ সূত্রে জানা যায়, সেলিম রেজার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যা ও হামলার ঘটনায় মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর তিনি এলাকায় ফিরে অবস্থান করছিলেন বলে অভিযোগ রয়েছে।
এদিকে, গত কয়েক দিনে সাভারের শীর্ষস্থানীয় আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে হত্যা ও হামলার মামলার অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, মামলার আসামিরা দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও পরবর্তীতে এলাকায় ফিরে এসে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা এবং প্রকাশ্যে অবস্থান করছিলেন। চলমান অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত সহিংসতা, হত্যা ও হামলার ঘটনায় দায়ীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 


























