
বগুড়ার নন্দীগ্রাম ও শিবগঞ্জ উপজেলায় সংঘটিত দুটি পৃথক ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত একটি মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন, নগদ ৫ হাজার ৫০০ টাকা, ৭ দশমিক ৫ আনা স্বর্ণালংকার এবং কিছু ইমিটেশনের গহনা উদ্ধার করা হয়েছে।
শনিবার (৬ জুন) বেলা সাড়ে বারোটার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।
তিনি জানান, গত ১২ মে গভীর রাতে নন্দীগ্রাম উপজেলার বীরপলি (ফকিরপাড়া) এলাকায় মো. রশিদুল আলমের বাড়িতে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল হামলা চালায়। তারা বাড়ি থেকে মোটরসাইকেল, স্বর্ণালংকার, মোবাইল ফোন, টেলিভিশন ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় নন্দীগ্রাম থানায় মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তে ডিবি পুলিশের একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৫ জুন কাহালু, দুপচাঁচিয়া ও সদর উপজেলায় অভিযান চালিয়ে আসলাম সাকিদার (২৭), জিয়ারুল ইসলাম ওরফে জিয়াউর রহমান (৪৬) এবং সাইদুর মন্ডল ওরফে মগা (৩৬)কে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে লুণ্ঠিত মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন এবং নগদ ৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
অন্যদিকে, গত ৩১ মে গভীর রাতে শিবগঞ্জ উপজেলার দক্ষিণ দহপাড়া এলাকায় মো. জিয়াউল হকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা তাকে রক্তাক্ত জখম করে নগদ টাকা, স্বর্ণালংকার, স্মার্টফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।
পরে ডিবি পুলিশ শিবগঞ্জ ও কাহালু এলাকায় পৃথক অভিযান চালিয়ে জুয়েল প্রামানিক (২৪) ও আব্দুল ওহাব (২৮)কে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে একটি স্বর্ণের চেইন, একটি কানের দুলসহ মোট ৭ দশমিক ৫ আনা স্বর্ণালংকার এবং কিছু ইমিটেশনের গহনা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার আসলাম সাকিদারের বিরুদ্ধে পাঁচটি, জিয়ারুল ইসলামের বিরুদ্ধে একটি, সাইদুর মন্ডলের বিরুদ্ধে দুটি এবং জুয়েল প্রামানিকের বিরুদ্ধে ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম-এর সার্বিক নির্দেশনায় পরিচালিত এ অভিযানে ডিবির অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই মোহাম্মদ ফজলুল হক ও এসআই মো. আশিকুর রহমান নেতৃত্ব দেন।
পুলিশ জানিয়েছে, ডাকাতির ঘটনায় জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
Reporter Name 















