রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর টানে রাস্তায় পড়ে রনজিনা পারভীন নামে এক নারী শিক্ষিকার মৃত্যু হয়েছে। নিহত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা গেছে, চিকিৎসকের পরামর্শ নিতে রাতে বগুড়া থেকে ঢাকায় আসেন রনজিনা পারভীন। ভোরে গাবতলী বাস টার্মিনালে নামার পর রিকশাযোগে রাজধানীর ফার্মগেট এলাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন তিনি।
পথে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেল রিকশাটির কাছে আসে। এ সময় মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা রনজিনা পারভীনের ব্যাগ ধরে টান দেয়।
হঠাৎ ব্যাগ ধরে টান দেওয়ায় ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে যান তিনি। এতে মাথায় গুরুতর আঘাত পান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি।
এদিকে ঘটনার পর ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে পুলিশ। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, মোটরসাইকেল ও জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে।
তিনি বলেন, আশা করা হচ্ছে খুব শিগগিরই জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হবে।
ঘটনাটি রাজধানীর ব্যস্ত এলাকায় ছিনতাই ও নাগরিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
Reporter Name 





















