হরমুজ প্রণালী নিয়ে ইরান ও ওমানের মধ্যে চলমান সমঝোতার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করা হলে ওমানকে কঠোর পরিণতির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সোমবার (১৭ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প হরমুজ প্রণালী নিয়ে কথা বলার সময় ওমানের প্রতি এই হুমকি দেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি ও দ্য গার্ডিয়ানও তার বক্তব্যের বিষয়টি তুলে ধরেছে।
হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালী দিয়ে সমুদ্রপথে পরিবাহিত বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল সরবরাহ হয়ে থাকে। প্রণালীর উত্তরে ইরান এবং দক্ষিণে ওমানের অবস্থান।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর গুরুত্বপূর্ণ এই নৌপথের কার্যক্রম ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়েছে। প্রণালীটি পুনরায় চালুর বিষয়ে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ওমানও ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে আসছে।
ট্রাম্প দাবি করেছেন, ওয়াশিংটন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছে। একই সাক্ষাৎকারে তিনি ইরানকে ‘ভালো পোকার খেলোয়াড়’ হিসেবে উল্লেখ করলেও দেশটির বর্তমান অবস্থাকে অত্যন্ত দুর্বল বলে মন্তব্য করেন এবং আত্মসমর্পণের আহ্বান জানান।
ইরান-ওমানের মধ্যে চুক্তি
ট্রাম্পের হুঁশিয়ারির আগে হরমুজ প্রণালী নিয়ে ইরান ও ওমানের মধ্যে একটি সমঝোতার খবর সামনে আসে। গত শনিবার তেহরান জানায়, কয়েক সপ্তাহের কারিগরি আলোচনার পর প্রণালীতে একটি নির্দিষ্ট নৌপথের মানচিত্র নিয়ে দুই দেশ চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে।
ইরান ও ওমানের এই সমঝোতার খবর প্রকাশের পরই ওয়াশিংটনের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া এলো। ফলে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও নৌ চলাচল ঘিরে যুক্তরাষ্ট্র, ইরান ও ওমানের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।
Reporter Name 























