মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ পরিস্থিতি তীব্র হওয়ায় কৌশলগত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল আরও কমে গেছে। এর সঙ্গে সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলার খবর যুক্ত হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামও বেড়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বাজার খোলার পর ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ১ দশমিক ২৪ ডলার বা ১ দশমিক ১৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৬ দশমিক ৯৩ ডলারে পৌঁছায়। রয়টার্সের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল ৬টা ২৬ মিনিটের দিকে এ দাম রেকর্ড করা হয়।
হরমুজে কমেছে জাহাজ চলাচল
রয়টার্স জানিয়েছে, কেপলারের প্রাথমিক তথ্য অনুযায়ী, সোমবার হরমুজ প্রণালি দিয়ে মাত্র চারটি পণ্যবাহী জাহাজ চলাচল করেছে। এর আগের দিন রোববার এই সংখ্যা ছিল ১০টি।
হরমুজ স্ট্রেইট মনিটরের তথ্য অনুযায়ী, বর্তমানে অন্তত ৪৩৬টি জাহাজ স্থবির অবস্থায় রয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে এমন বড় ধরনের পতন বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
সৌদির জ্বালানি অবকাঠামোয় হামলার প্রভাব
জাহাজ চলাচলে বিঘ্নের পাশাপাশি সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলার খবরও আন্তর্জাতিক তেলের বাজারে চাপ তৈরি করেছে। ফলে সরবরাহ পরিস্থিতি নিয়ে আশঙ্কা বাড়ার সঙ্গে সঙ্গে অপরিশোধিত তেলের দামও ঊর্ধ্বমুখী হয়েছে।
হরমুজ প্রণালিতে পরিস্থিতির আরও অবনতি হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Reporter Name 





















