অভিনয়ের পাশাপাশি মানবিক উদ্যোগের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ালেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। আসন্ন সিনেমা ‘রানা বালি’ মুক্তির আগে এক বছরের জন্য ৪০০ পরিবারের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর খরচ বহনের ঘোষণা দিয়েছেন তিনি।
অভিনেত্রীর ঘোষণা অনুযায়ী, আগামী এক বছর ধরে প্রতি তিন মাস অন্তর পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় খাদ্যপণ্য সরবরাহ করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এ উদ্যোগের কথা ভক্তদের জানিয়েছেন রাশমিকা।
ইনস্টাগ্রামে দেওয়া এক দীর্ঘ পোস্টে অভিনেত্রী জানান, ‘রানা বালি’ সিনেমায় তাঁর অভিনীত ‘জায়াম্মা’ চরিত্রটির সঙ্গে বাস্তব জীবনের অনেক মিল রয়েছে। বিশেষ করে মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা ও মানসিকতার দিক থেকে চরিত্রটির সঙ্গে নিজের মিল খুঁজে পান তিনি।
ভক্তদের অনুপ্রাণিত করতেই উদ্যোগ প্রকাশ্যে
নিজের মানবিক উদ্যোগটি প্রকাশ্যে আনার কারণ ব্যাখ্যা করে রাশমিকা জানান, এত দিন তিনি এ ধরনের কাজ ব্যক্তিগত পর্যায়েই রাখতে পছন্দ করতেন। তাঁর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন জানলেই যথেষ্ট বলে মনে করতেন তিনি। তবে এবার উদ্যোগটি প্রকাশ করেছেন, যাতে তাঁর ভক্তদের কেউ অনুপ্রাণিত হয়ে মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসেন।
রাশমিকা লেখেন, ভক্তদের কাছ থেকে পাওয়া ভালোবাসার প্রতিদান দিতে তিনি সব সময় কিছু করার চেষ্টা করেন। তাঁর আশা, এই উদ্যোগ অন্যদেরও ভালো কাজে উৎসাহিত করবে।
নিত্যপণ্যের খরচ বাঁচিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার সুযোগ
অভিনেত্রীর পরিকল্পনা অনুযায়ী, প্রতি তিন মাস পরপর পরিবারগুলোকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হবে। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার পেছনে তাদের যে অর্থ ব্যয় হতো, তা সাশ্রয় হবে। পরিবারগুলো সেই অর্থ ভবিষ্যতের প্রয়োজন ও পরিকল্পনায় কাজে লাগাতে পারবে বলে আশা করছেন তিনি।
ভক্তদের উদ্দেশে ছোট ছোট ভালো কাজ করার আহ্বান জানিয়ে রাশমিকা বলেন, সামান্য সদয় আচরণও মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে। এ জন্য বড় কোনো উদ্যোগ নেওয়া জরুরি নয়; ছোট কিছু দিয়েই শুরু করা সম্ভব।
পরিবারের মুখে হাসিই সংগ্রামের সার্থকতা
নিজের কর্মজীবনের সংগ্রাম ও কঠিন সময়ের কথা স্মরণ করে অভিনেত্রী জানান, সহায়তা পাওয়া পরিবারগুলোর মুখে হাসি দেখাই তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। তাঁর ভাষায়, এই মানুষগুলোর হাসি তাঁর কর্মজীবনের ঘুমহীন রাত, আঘাত, সংগ্রাম, কষ্ট ও চোখের পানির মূল্য ফিরিয়ে দেয়।
এ উদ্যোগের অংশ হিসেবে কোন কোন খাদ্যসামগ্রী দেওয়া হবে, তার একটি তালিকাও প্রকাশ করেছেন রাশমিকা মান্দানা। সিনেমার প্রচারের সময় এমন মানবিক উদ্যোগের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি অন্যদেরও সহযোগিতার কাজে উদ্বুদ্ধ করতে চান তিনি।
Reporter Name 























