মোঃ কামাল হোসেন,
জেলা প্রতিনিধি, নরসিংদী
নরসিংদীর শিবপুরে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং শিবপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে ভূমি সেবা মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিমের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে শিবপুর উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম।
তিনি বলেন, “শিবপুর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় ভূমি অফিসের ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। নাগরিকদের ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত সেবা সহজ করতে প্রতিবছরের ন্যায় এবারও ভূমি সেবা মেলার আয়োজন করা হয়েছে।”
তিনি আরও বলেন, “বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক ও ডিজিটাল পদ্ধতিতে রূপান্তরের উদ্যোগ গ্রহণ করেছে। নামজারি, জমাভাগ, কর প্রদান, রেকর্ড সংশোধনসহ বিভিন্ন সেবা এখন অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা যাচ্ছে। এছাড়া নকশা ও রেকর্ডও অনলাইনে পাওয়া যাচ্ছে। ফলে মানুষের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শিবপুর উপজেলা শাখার সভাপতি আবুল হারিস রিকাবদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন।
Reporter Name 





















