বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে আগ্রহী বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম) ইন বাংলাদেশের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন।
অ্যামচেম বাংলাদেশের সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে সংগঠনটির আট সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাতে অ্যামচেমের প্রতিনিধিরা জানান, প্রায় দুই মাস আগে সংগঠনটির নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। নতুন কমিটি বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে কাজ করছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বিদেশি বিনিয়োগকে আরও উৎসাহিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
বৈঠকের এসব তথ্য গণমাধ্যমকে জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির।
Reporter Name 























