সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে মাদক প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, ইভটিজিং প্রতিরোধ এবং নৈতিকতা বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম শাহাবুদ্দিন শাহীন, পিপিএম।
প্রধান অতিথির বক্তব্যে ওসি কেএম শাহাবুদ্দিন শাহীন বলেন, “মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং বর্তমান সমাজের জন্য বড় অভিশাপ। এই কুসংস্কারগুলোকে রুখে দিতে হলে শিক্ষার্থীদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। অ্যান্ড্রয়েড মোবাইলের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। অপব্যবহার করে যেন কেউ বিপথগামী না হয়।”
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “জীবনে সফল হতে হলে সবার আগে মা-বাবার সঙ্গে ভালো আচরণ করতে হবে। মা-বাবার দোয়া ও শিক্ষকদের পরামর্শ মেনে চললে জীবনে উন্নতি নিশ্চিত। তোমরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর।”
এ সময় ওসি শিক্ষার্থীদের আইন মেনে চলা, সাইবার অপরাধ সম্পর্কে সচেতন থাকা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে লেখাপড়া করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সভা শেষে শিক্ষার্থীরা থানা প্রশাসনের এই সচেতনতামূলক উদ্যোগকে সাধুবাদ জানান।
Reporter Name 






















