
মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নে সরকারিভাবে বরাদ্দকৃত জেলেদের চাল দীর্ঘদিনেও বিতরণ না হওয়ায় মানববন্ধন করেছেন স্থানীয় জেলেরা। তাদের অভিযোগ, প্রশাসনিক অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে শত শত জেলে সরকারি সহায়তা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী জেলেরা জানান, ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা কর্মসূচির আওতায় ১ হাজার ৩০০ জন জেলের মধ্যে জনপ্রতি ৭৭ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও এখনো তা তাদের হাতে পৌঁছেনি। একইভাবে ভিজিএফ কর্মসূচির আওতায় ৮৩০ জন জেলেকে প্রতি মাসে ৪০ কেজি করে চার মাসে মোট ১৬০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও গত চার মাসে কোনো চাল বিতরণ করা হয়নি।
তাদের দাবি, গলাচিপা উপজেলার অন্যান্য ইউনিয়নে সরকারি বরাদ্দের চাল যথাসময়ে বিতরণ করা হলেও শুধুমাত্র সদর ইউনিয়নের জেলেরা এ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। এতে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে জেলে সম্প্রদায়ের মধ্যে।
গলাচিপা সদর ইউনিয়ন মৎস্যজীবী গ্রাম সমিতির সভাপতি সোহরাব গাজী বলেন, “৫৮ দিনের নিষেধাজ্ঞার আওতায় ১ হাজার ৩০০ জেলের জন্য বরাদ্দকৃত জনপ্রতি ৭৭ কেজি চাল এবং চার মাসের জন্য ৮৩০ জেলের জনপ্রতি ১৬০ কেজি চাল এখনো বিতরণ করা হয়নি। এছাড়া ২০২৪-২৫ অর্থবছরে বরাদ্দকৃত চালের দুই কিস্তিও অনেক জেলে পাননি।”
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় জেলে হাবিব মোল্লা, আলতাফ হাং, হারেছ মোল্লা, লালন ফকির ও লালন চকিদার। তারা দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং বকেয়া চাল অবিলম্বে বিতরণের দাবি জানান।
এ বিষয়ে গলাচিপা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, “গত ৫ আগস্টের পর প্রশাসনিক ও আইনি জটিলতার কারণে ইউনিয়নের দায়িত্ব পালন করেছেন প্রশাসক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাফর রানা। বরাদ্দকৃত চালের বিষয়টি তার দায়িত্বকালীন সময়ের। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার সঙ্গে আলোচনা করা হয়েছে। আগামী দুই-এক দিনের মধ্যেই চাল উত্তোলন করে জেলেদের মধ্যে বিতরণ করা হবে।”
গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী জানান, প্রশাসনিক জটিলতার কারণে চাল বিতরণে বিলম্ব হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত চাল বিতরণের ব্যবস্থা গ্রহণ করা হবে এবং জেলেদের অভিযোগও খতিয়ে দেখা হবে।
মানববন্ধন থেকে জেলেরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত চাল বিতরণ ও অভিযোগের সুষ্ঠু তদন্ত না হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
Reporter Name 






















