
আলোকিত নারী সম্মাননা ২০২৫ এ ভূষিত নারী উদ্যোক্তা, সমাজসেবী ও ওয়েব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুপা আহমেদ
,
আলপনা মোসাদ্দেক, সহ সম্পাদক:
নারী উদ্যোক্তা উন্নয়ন, সমাজসেবা ও মানবিক মূল্যবোধকে একসূত্রে গেঁথে যিনি নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন, তিনি রুপা আহমেদ। একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে যেমন তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তেমনি অসংখ্য নারীর জন্য অনুপ্রেরণা ও আশ্রয়ের নাম হয়ে উঠেছেন। তার প্রতিষ্ঠিত সংগঠন ওয়েব ফাউন্ডেশন আজ নারী উদ্যোক্তাদের একটি সুসংগঠিত ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, আত্মনির্ভরশীলতা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করাই ওয়েব ফাউন্ডেশনের মূল লক্ষ্য। এই সংগঠনের মাধ্যমে রুপা আহমেদ দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ, পরামর্শ, নেটওয়ার্কিং এবং সামাজিক সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। বিশেষ করে পিছিয়ে পড়া ও নতুন উদ্যোক্তা নারীদের পাশে দাঁড়ানোই তার কাজের প্রধান প্রেরণা।
শুধু উদ্যোক্তা উন্নয়নেই সীমাবদ্ধ নয়, সমাজসেবী ও পরোপকারী মানুষ হিসেবেও রুপা আহমেদের পরিচিতি বিস্তৃত। দুঃস্থ নারী, অসহায় পরিবার, শিক্ষাবঞ্চিত শিশু এবং সংকটাপন্ন মানুষের পাশে তিনি নিয়মিতভাবে দাঁড়িয়েছেন। নীরবে, প্রচারের বাইরে থেকে করা তার অনেক মানবিক উদ্যোগ আজ সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে।

তার এই বহুমাত্রিক অবদান ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে সম্প্রতি মাসিক মানবজীবন পত্রিকা ও ইউনিটি ফর ইয়ং জার্নালিস্ট এর যৌথ উদ্যোগে তাকে “আলোকিত নারী” সম্মাননা প্রদান করা হয়। ঢাকার ঐতিহ্যবাহী জাতীয় জাদুঘর মিলনায়তনে আয়োজিত এক গৌরবময় অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় মানবজীবনের সম্পাদক ইমদাদুল হক তৈয়বের পক্ষ থেকে পত্রিকার সহ-সম্পাদক আলপনা মোসাদ্দেক তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
সম্মাননা গ্রহণকালে রুপা আহমেদ বলেন,
“এই স্বীকৃতি শুধু আমার একার নয়, এটি সেই সব নারীদের, যারা প্রতিকূলতার মধ্যেও স্বপ্ন দেখতে জানে এবং নিজের পায়ে দাঁড়াতে চায়। আমি বিশ্বাস করি, নারীরা সুযোগ পেলে সমাজ ও দেশকে অনেক দূর এগিয়ে নিতে পারে।”
রুপা আহমেদের পথচলা প্রমাণ করে, দৃঢ় মনোবল, সৎ উদ্দেশ্য ও মানুষের জন্য কাজ করার মানসিকতা থাকলে একজন নারী একই সঙ্গে উদ্যোক্তা, সমাজনেত্রী ও মানবতার দূত হতে পারেন। ওয়েব ফাউন্ডেশনকে কেন্দ্র করে তার ভবিষ্যৎ পরিকল্পনাও আরও বিস্তৃত। তিনি চান, দেশের প্রতিটি প্রান্তের নারী উদ্যোক্তারা একটি শক্ত নেটওয়ার্কের মাধ্যমে এগিয়ে যাক, স্বাবলম্বী হোক এবং সমাজে নেতৃত্ব দিক।
আলোকিত এই নারীর পথচলা নিঃসন্দেহে আগামী দিনের বাংলাদেশে নারী নেতৃত্ব ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Reporter Name 



























