আমির হোসেন হৃদয়, সুনামগঞ্জ প্রতিনিধি :
কারিতাস বাংলাদেশের উদ্যোগে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভরতপুর গ্রামে কৃষক মাঠ স্কুলের সদস্যদের জন্য “বীজ সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন বাজারজাতকরণ ব্যবস্থার কৌশল” বিষয়ক এক গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং নিরাপদ বীজ সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত এ প্রশিক্ষণে কৃষক মাঠ স্কুলের পদ্মা দলের সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষক মাঠ স্কুলের পদ্মা দলের সভাপতি শিখা রানী। সভা সঞ্চালনা করেন মাঠ সহায়ক আমির হোসেন হৃদয় এবং সহযোগিতায় ছিলেন মাঠ সহায়ক নার্গিস আক্তার।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা তামান্না আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে তামান্না আক্তার বলেন, “কৃষিতে টেকসই উৎপাদন নিশ্চিত করতে হলে মানসম্মত বীজ সংগ্রহ ও সঠিকভাবে সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। কৃষকরা যদি নিজেদের উৎপাদিত ভালো মানের ফসল থেকে বীজ নির্বাচন করে নির্দিষ্ট নিয়মে সংরক্ষণ করেন, তাহলে পরবর্তী মৌসুমে উন্নত ফলন পাওয়া সম্ভব হবে।”
তিনি আরও বলেন, বাজারজাতকরণ ব্যবস্থার সঠিক কৌশল জানা থাকলে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে পারবেন।
প্রশিক্ষণে বীজ সংগ্রহের সঠিক সময়, বীজ শুকানোর নিয়ম, সংরক্ষণ পদ্ধতি, রোগবালাই প্রতিরোধ এবং কৃষিপণ্য বাজারজাতের আধুনিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অংশগ্রহণকারী কৃষকরাও বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তাদের অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন এবং কৃষি অফিসের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে শিখা রানী বলেন, “এ ধরনের প্রশিক্ষণ কৃষকদের জন্য অত্যন্ত উপকারী। এতে তারা নতুন প্রযুক্তি ও কৌশল সম্পর্কে জানতে পারছেন, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকরা কারিতাস বাংলাদেশ ও কৃষি বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
Reporter Name 




























