
সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া জেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নবীনগর উপজেলা ক্রিকেট দল। এ উপলক্ষে দলের কোচ, খেলোয়াড় ও সংশ্লিষ্টরা পৌর এলাকার আলিয়াবাদে সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নানের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী তৃণমূল পর্যায় থেকে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ক্রিকেট টুর্নামেন্টে ব্রাহ্মণবাড়িয়া জেলায় নবীনগর উপজেলা দল চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে।
এ উপলক্ষে এডভোকেট আব্দুল মান্নান এমপি দলটির খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
তিনি বলেন, “‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শিশু-কিশোরদের মধ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ, নেতৃত্বগুণ ও দলগত চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের আয়োজন ভবিষ্যতে একটি আদর্শ, শক্তিশালী ও সমৃদ্ধ জাতি গঠনে সহায়ক হবে।”
সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 






















