বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতি, সরকারি আদেশ অমান্য ও অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ পুলিশের ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা ১ ও ২ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। প্রজ্ঞাপনগুলোতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর স্বাক্ষর রয়েছে।
বরখাস্ত হওয়া ছয় কর্মকর্তা হলেন—ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) বিপ্লব কুমার সরকার, সাবেক যুগ্ম পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্তী, সাবেক উপ-পুলিশ কমিশনার কাজী আশরাফুল আজীম, সাবেক উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন, ৮ এপিবিএন, উখিয়া, কক্সবাজারের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস এবং ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার মো. গোলাম রুহানী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিপ্লব কুমার সরকার ২০২৪ সালের ৬ আগস্ট থেকে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত না করে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ কারণে তাকে ‘পলায়ন’-এর দায়ে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
সুদীপ কুমার চক্রবর্তী ২০২৪ সালের ২২ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাকেও ওই তারিখ থেকে ‘পলায়ন’-এর দায়ে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
কাজী আশরাফুল আজীম ২০২৪ সালের ১৪ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। সরকারি আইনানুগ আদেশ প্রতিপালনে অবজ্ঞা প্রদর্শন এবং ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
মোহাম্মদ ইকবাল হোসাইন ২০২৪ সালের ২৮ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাকে ওই তারিখ থেকেই ‘পলায়ন’-এর দায়ে বরখাস্ত করা হয়েছে।
রাজন কুমার দাস ২০২৪ সালের ৩১ ডিসেম্বর থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর দায়ে তাকেও চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
অন্যদিকে, মো. গোলাম রুহানী ২০২৪ সালের ১১ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাকেও ‘পলায়ন’-এর দায়ে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনগুলোতে আরও বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তদন্ত শেষে ছয় কর্মকর্তার বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। গুরুদণ্ড দেওয়ার আগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ নেওয়া হয় এবং কমিশনও বরখাস্তের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে।
পরে নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে রাষ্ট্রপতি গত ১০ আগস্ট ২০২৬ তারিখে তাদের বরখাস্তের প্রস্তাবে অনুমোদন দেন। এর পরই পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চাকরিচ্যুতির সিদ্ধান্ত কার্যকর করা হয়।
Reporter Name 





















