
বরকলে জামায়াত নেতার অভিযোগ, ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও চরিত্রহননের অপচেষ্টা’ ।
রাঙামাটির বরকল উপজেলায় উপজেলা জামায়াতের সেক্রেটারির বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও পরিকল্পিত ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে তাৎক্ষণিক তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট নেতা। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, বেসরকারি টেলিভিশন চ্যানেলসহ কয়েকটি অনলাইন গণমাধ্যম ‘তথ্য বিকৃতি ও একপাক্ষিক উপস্থাপনার’ মাধ্যমে তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার অপচেষ্টা চালিয়েছে।
শনিবার (২৫ এপ্রিল ২০২৬) বরকল উপজেলার আয়োজনে ইসলামিক সেন্টার পাঠাগারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ রবিউল ইসলাম।
তিনি বলেন, গত ২৩ এপ্রিল সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে একটি আরটিভি চ্যানেলসহ কয়েকটি অনলাইন মাধ্যমে “জামায়াত নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা” শিরোনামে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা ‘বাস্তবতা বিবর্জিত ও উদ্দেশ্যপ্রণোদিত’। তার দাবি, সংশ্লিষ্ট মামলাটি চাঁদাবাজির নয়; বরং সাইবার আইনের একটি ধারায় দায়ের করা অভিযোগকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।
রবিউল ইসলাম দাবি করেন, সংশ্লিষ্ট সংবাদকর্মী তার সাথে যোগাযোগ করেই “যোগাযোগ করা যায়নি” মর্মে সংবাদ প্রকাশ করেছেন, যা সত্য নয়। তার দাবি, তিনি আরটিভির সাংবাদিক রাঙ্গামাটি জেলা প্রতিনিধির সাথে হোয়াটসঅ্যাপে ২ মিনিট কথা বলেছেন এবং নিজের অবস্থান স্পষ্ট করেছেন, কিন্তু তার বক্তব্য সংবাদে প্রকাশ করা হয়নি।
সংবাদ সম্মেলনে তিনি মামলার বাদীর দেওয়া তথ্য নিয়েও গুরুতর প্রশ্ন তোলেন। তিনি বলেন, বাদী তাদের একই এলাকার বাসিন্দা দাবি করলেও জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার স্থায়ী ঠিকানা চট্টগ্রামের সাতকানিয়া এলাকায়, যা মামলার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন সৃষ্টি করে।
ব্যবসায়িক বিরোধের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, অতীতে বাদীর সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্ক ছিল এবং পরবর্তীতে প্রভাব ও কৌশল ব্যবহার করে তাকে ব্যবসা থেকে সরিয়ে দেওয়া হয়। এমনকি প্রভাবশালী মহলের মাধ্যমে তাকে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। প্রায় আড়াই বছর আগে তিনি ওই ব্যবসা থেকে সরে দাঁড়ান।
রবিউল ইসলামের অভিযোগ, সাম্প্রতিক সময়ে এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অবস্থান নেওয়া এবং সংশ্লিষ্ট তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরার কারণেই তার বিরুদ্ধে প্রতিহিংসামূলকভাবে এই মামলা দায়ের করা হয়েছে। তিনি দাবি করেন, একটি চোরাচালান চক্রের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তাকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে।
তিনি আরও বলেন, অবৈধ চোরাচালান ও মাদক কার্যক্রম পার্বত্য অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করছে এবং এসবের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় তাকে বিভিন্নভাবে চাপে রাখা হচ্ছে।
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের প্রতি জোর দাবি জানান, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে তিনি তার বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত’ উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মোঃ সোহেল রানা, স্টাফ রিপোর্টার 



























