
বান্দরবানে সুবিধাবঞ্চিত, অবহেলিত ও অনাথ শিশুদের সরকারি সহায়তা এবং সামাজিক সুরক্ষার আওতায় আনার জন্য শিশু কল্যাণ বোর্ডের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবান সদর উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউসের সহযোগিতায় (০১ এপ্রিল) বুধবার সকালে সদর উপজেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় শিশুদের সার্বিক কল্যাণ, সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়, বিশেষ করে শিশু নির্যাতন প্রতিরোধ, শিক্ষা নিশ্চিতকরণ এবং ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুদের উদ্ধার, পুনর্বাসন এবং নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন সভায় অংশ গ্রহণকারী সকলে।
সভায় পর্যটন জেলা বান্দরবানের সৌন্দর্য্য বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন জাতিগোষ্ঠীর শিশুদের ভাষার প্রতি আরো নজর দেয়া এবং শিশুদের শারীরিক ও মানসিক উন্নয়নে সমাজসেবা অধিদফতর থেকে আরো বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে বক্তারা আহবান জানান।
বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি এর সভাপতিত্বে এসময় বান্দরবান সদর উপজেলা সমাজসেবা অফিসার ও শিশু কল্যাণ বোর্ডের সদস্য সচিব সত্যজিৎ মজুমদার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুপন চাকমা, ডা: তাহমিনা করিম রুপা, বান্দরবান সদর থানার উপ পরিদর্শক নিলুফা ইয়াসমিন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর বান্দরবানের সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার, গ্রাউস এর প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা, কমিউনিটি ডেভেলাপমেন্ট অফিসার সোনিয়া আফরোজ সহ সমাজসেবা বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
ওসমান গনি,বান্দরবান প্রতিনিধি 



























