লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ:
সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ব্যবসায়ীদের নানাভাবে হয়রানি করা হয়েছে। চাঁদাবাজদের কারণে অনেক ব্যবসায়ীকে ভয়ে ভয়ে ব্যবসা করতে হয়েছে।
তিনি বলেন, “এখন আর সেই পরিবেশ নেই। আপনারা নির্ভয়ে ব্যবসা করুন। যদি কোনো সমস্যার সম্মুখীন হন, আমাকে জানাবেন। আমি ব্যবস্থা নেব।”
বুধবার (২৬ আগস্ট) বিকেলে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট সংলগ্ন হক সুপার মার্কেটে ‘মাস্টার ওয়ান টেইলার্স অ্যান্ড ফেব্রিকস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে সেখানে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ পৌর শহরে আধুনিক পোশাকশিল্প ও উন্নতমানের ফেব্রিকস সেবায় যুক্ত হলো নতুন একটি প্রতিষ্ঠান। নতুন সাজে ও বর্ধিত পরিসরে যাত্রা শুরু করেছে বিশিষ্ট দর্জি প্রতিষ্ঠান ‘মাস্টার ওয়ান টেইলার্স অ্যান্ড ফেব্রিকস’।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সামছুল হক, এডিশনাল পিপি অ্যাডভোকেট শেরেনুর আলী, সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি এনামুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও হক সুপার মার্কেটের স্বত্বাধিকারী জিয়াউল হক, মাওলানা নূর হোসাইন ও হাফিজ আতাউর রহমান লস্কর।
অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ, সমৃদ্ধি ও উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন সুনামগঞ্জ বাজার মসজিদের ইমাম মাওলানা আবু সাইদ।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. রেজাউল ইসলাম জানান, আধুনিক কাটিং, নিখুঁত সেলাই এবং দেশি-বিদেশি বিভিন্ন স্যুটিং-শার্টিংয়ের সেরা সংগ্রহ নিয়ে গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে তারা অঙ্গীকারবদ্ধ।
Reporter Name 























