
মোঃ ফজলুল কবির গামা:
ঝিনাইদহ জেলাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার অঙ্গীকার নিয়ে জেলা পুলিশের যে নিরলস যাত্রা, তাতে যুক্ত হলো সাফল্যের আরও একটি উজ্জ্বল পালক। সাধারণ মানুষকে জিম্মি করে পুলিশের পরিচয় দিয়ে প্রতারণা এবং মাদক ব্যবসার আড়ালে থাকা একটি সংঘবদ্ধ চক্রকে অত্যন্ত সাহসিকতার সাথে ধূলিসাৎ করে দিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
এই সফল অভিযানের মূলে ছিল ঝিনাইদহের অত্যন্ত দক্ষ ও জনবান্ধব পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল মহোদয়ের সুতীক্ষ্ণ দিকনির্দেশনা। তাঁরই নির্দেশে এবং ডিবি’র অফিসার ইনচার্জ জনাব মোঃ ছাব্বিরুল আলম এর গতিশীল নেতৃত্বে ৩০ এপ্রিল, ২০২৬ তারিখে শৈলকুপার চণ্ডীপুর গ্রামে এক রুদ্ধশ্বাস অভিযান পরিচালিত হয়। গোয়েন্দা তথ্যের নিখুঁত বিশ্লেষণ ও ডিবির চৌকস দলের সময়োচিত পদক্ষেপের ফলে ধরা পড়ে তিন পুরুষ ও দুই নারীসহ মোট পাঁচজন দুর্ধর্ষ প্রতারক।
গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পুলিশের জাল ইউনিফর্ম, এসআই র্যাঙ্কের ব্যাজ, পুলিশের মনোগ্রাম সম্বলিত বেল্ট, ক্যাপ এবং আধুনিক ‘BAOFENG’ ওয়াকিটকি। শুধু তাই নয়, এই চক্রটি পুলিশের ছদ্মবেশে মাদক পাচারের সাথেও জড়িত ছিল, যার প্রমাণস্বরূপ তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবি ঝিনাইদহের এই অভাবনীয় সাফল্য প্রমাণ করে যে, অপরাধীরা যতই চতুর হোক না কেন, প্রশাসনের তীক্ষ্ণ দৃষ্টির আড়ালে থাকা অসম্ভব। পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ আফজাল এর দূরদর্শী পরিকল্পনা এবং ডিবি ঝিনাইদহের পেশাদারিত্ব আজ সাধারণ মানুষের মনে গভীর আস্থার জায়গা তৈরি করেছে। পোশাকের আড়ালে লুকিয়ে থাকা এই অপরাধীদের আইনের আওতায় এনে ঝিনাইদহ জেলা পুলিশ আবারও প্রমাণ করল যে, শান্তির জনপদে অপরাধের কোনো ঠাঁই নেই। এই চক্রের বিরুদ্ধে শৈলকুপা থানায় মামলা দায়ের করা হয়েছে এবং জেলা পুলিশের এমন জনহিতকর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Reporter Name 


















