
হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ:
গত শুক্রবার (১২ জুন ২০২৬) জাতীয় প্রেসক্লাবের সামনে বিকাল ৩টায় বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)’র উদ্যোগে একটি বিক্ষোভ ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও কলামিস্ট এম.এ. আলীম সরকার।
সমাবেশে “হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনুস-নুরজাহান বেগমের যথোপযুক্ত শাস্তি এবং হামসহ প্রাণঘাতী অন্যান্য রোগের টিকাদানে কার্যকর পদক্ষেপ গ্রহণের” দাবি জানানো হয়।
সভাপতির বক্তব্যে এম.এ. আলীম সরকার বলেন, দেশে হামের প্রাদুর্ভাবসহ বিভিন্ন প্রতিরোধযোগ্য রোগে শিশু মৃত্যুর ঘটনা জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। তিনি অভিযোগ করেন, টিকাদান কার্যক্রমে ঘাটতি, প্রতিরোধমূলক ব্যবস্থার দুর্বলতা এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে ব্যর্থতার কারণে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে।
তিনি বলেন, “সবার আগে বাংলাদেশ নয়, সবার আগে মানুষ—আগে মানুষের জীবন বাঁচাতে হবে।”
তিনি আরও দাবি করেন, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে টিকা সংকট নিয়ে বারবার সতর্ক করা হলেও সময়মতো ব্যবস্থা নেওয়া হয়নি, যার ফলে পরিস্থিতি অবনতির দিকে গেছে। তিনি এ ঘটনায় সংশ্লিষ্টদের জবাবদিহিতা ও বিচার দাবি করেন।
এম.এ. আলীম সরকার আরও বলেন, চিকিৎসকদের দলীয় প্রভাবমুক্ত হয়ে দায়িত্ব পালন করা উচিত, কিন্তু অনেক ক্ষেত্রে সেই দায়িত্ব যথাযথভাবে পালিত হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।
সমাবেশে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং শিশুদের জীবন রক্ষায় কার্যকর ও সর্বজনীন টিকাদান কর্মসূচি জোরদার করতে হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন তাহমিনা আক্তার, সেলিম রেজা, হেলাল উদ্দিন, জাহাঙ্গীর হাওলাদারসহ নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পার্টির সাধারণ সম্পাদক লেখক অমূল্য কুমার বৈদ্য।
Reporter Name 






















