
মোঃ আহসান হাবীব সুমন, নিজস্ব প্রতিবেদক, জামালপুর
জামালপুর সদর উপজেলার ৯টি নিবন্ধিত বেসরকারি এতিমখানায় অধ্যয়নরত এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের অনুকূলে ক্যাপিটেশন গ্র্যান্টের চেক ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়, জামালপুর সদর-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ও বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এতিমখানার সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে ক্যাপিটেশন গ্র্যান্টের চেক তুলে দেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক। এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান সফি, জেলা বিএনপির মহিলা দলের সভাপতি সেলিনা পারভিন, সাবেক ভাইস চেয়ারম্যান মশিউর রহমানসহ বিভিন্ন এতিমখানা প্রতিনিধি, এতিম শিক্ষার্থী, স্থানীয় গণমাধ্যমকর্মী ও প্রশাসনিক কর্মকর্তারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন।
অনুষ্ঠান শেষে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে গাছের চারা বিতরণ করা হয় এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও সবার কল্যাণ কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।
Reporter Name 



























