মোঃ সাইফুল ইসলাম, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নির্মাণ করা দোকানঘর দখলের অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হকের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার ও দোকানঘর উদ্ধারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন রত্নাই বগুলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ৭ নম্বর আমজানখোর ইউনিয়ন ভূমি অফিসের পাশে বিদ্যালয়ের নির্মাণ করা দোকানঘরের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিদ্যালয়ের নিজস্ব জমিতে নির্মিত তিনটি পাকা দোকানঘরে রাতের আঁধারে টিন ও শাটারিং লাগিয়ে দখল নেওয়া হয়েছে। তাদের দাবি, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক ওই দোকানঘরগুলো দখল করেছেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হায়দার আলী বলেন, বিদ্যালয়ের নামে জমির মালিকানা-সংক্রান্ত বৈধ কাগজপত্র রয়েছে। বিদ্যালয়ের আয় বৃদ্ধির উদ্দেশ্যে ওই জমিতে পাকা দোকানঘর নির্মাণ করা হয়েছে। কিছুদিন আগে প্রধান শিক্ষক মারা যাওয়ায় দোকানগুলো ভাড়া দেওয়ার প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হয়। এ সুযোগে মোজাম্মেল হক জমির মালিকানা দাবি করে দোকানঘরগুলো দখল করেছেন বলে অভিযোগ করেন তিনি।
শিক্ষক-শিক্ষার্থীরা জানান, বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করার পরও তাৎক্ষণিক সমাধান না হওয়ায় তারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন।
এদিকে দখল করা দোকানঘরে লাগানো তালা ভেঙে নতুন তালা লাগানোর চেষ্টা করলে শিক্ষার্থীদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে মোজাম্মেল হকের বিরুদ্ধে। এ সময় ঘটনাস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
তবে অভিযোগ অস্বীকার করে মোজাম্মেল হক বলেন, “এই জমির প্রকৃত মালিক আমি এবং আমার কাছে জমির বৈধ কাগজপত্র রয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে বসে মীমাংসার চেষ্টা চলছে।”
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার দাস জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যালয়ের জমি ও দোকানঘরের মালিকানা নিয়ে বিরোধের বিষয়টি তদন্তের মাধ্যমে দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা।
Reporter Name 






















