
মোঃ আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচং উপজেলার নবগঠিত বুড়িচং পৌরসভার ঐতিহ্যবাহী পূর্ণমতি গ্রামে সাবেক দুইবারের বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেয়র পদপ্রার্থী জাবেদ কাউছার সবুজের ৫৩তম জন্মদিন উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
রোববার (২৬ জুলাই) পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা, ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট প্রদান ও কেক কাটার মধ্য দিয়ে জন্মদিনের আয়োজন সম্পন্ন হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আলাউদ্দিন। সভাপতিত্ব করেন বুড়িচং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির বিজ্ঞান ও গবেষণা সম্পাদক এনামুল হক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন হোসেন বিএসসি, আবুল হোসেন মাস্টার, খোরশেদ আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন ভূঁইয়া, শাহাজান, তাজুল ইসলাম মুকছু (মেম্বার), সিরাজুল ইসলাম, সাংবাদিক গিয়াস উদ্দিন, মনিরুল ইসলাম, ঠিকাদার আবদুল লতিফ ও সজিব খান।
বক্তারা জাবেদ কাউছার সবুজের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি ২০০৩ সালে মাত্র ৩৪ বছর বয়সে বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে ২০০৯ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি উপজেলা যুবদলের আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা ও কারাবাসের মতো পরিস্থিতির মধ্যেও তিনি দলের আদর্শে অবিচল ছিলেন বলে বক্তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসীর একাংশ নবগঠিত বুড়িচং পৌরসভার প্রথম মেয়র হিসেবে জাবেদ কাউছার সবুজকে দেখতে চান বলে মত প্রকাশ করেন।
শেষে জন্মদিনের কেক কাটা, দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Reporter Name 























