
মোছাঃ নাছিমা খাতুন সুলতানা, নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে আব্দুর রেজ্জাক মিয়া ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা, প্রভাব বিস্তার ও গ্রামবাসীকে হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই ২০২৬ তারিখ সকাল প্রায় ১০টার দিকে কান্দাপাড়া গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মোঃ আব্দুর রেজ্জাক মিয়া ও তার লোকজন একই গ্রামের মৃত নছর আলীর ছেলে মোঃ কামাল মিয়ার পৈতৃক সম্পত্তির জমির আইল ভেঙে জোরপূর্বক দখলের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
এ সময় কয়েকজন গ্রামবাসী অভিযোগ করে বলেন, আব্দুর রেজ্জাক মিয়া ও তার লোকজন দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। তাদের বিরুদ্ধে জমি সংক্রান্ত বিরোধ, ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে বলেও দাবি করেন স্থানীয়রা।
ভুক্তভোগী কামাল মিয়ার পরিবারের সদস্যরা জানান, পৈতৃক সম্পত্তি রক্ষায় তারা প্রশাসনের সহযোগিতা কামনা করছেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
তবে এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রেজ্জাক মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
এদিকে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন, বিষয়টির দ্রুত সমাধান না হলে যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী জেলা প্রশাসন, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
Reporter Name 




















