স্টাফ রিপোর্টার, নরসিংদী
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ নারী ও শিশুসহ চারজনের মধ্যে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ডুবুরি দল শান্ত (১৫) ও ওবায়দুল্লাহ (৩৮) নামে দুজনের মরদেহ উদ্ধার করে।
নিখোঁজ অপর দুজন মোছা. শান্তা (১৬) ও সৌরভকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রবল স্রোতে তলিয়ে যায় তিনজন
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, লাখপুর গ্রামের মজনু মিয়ার বাড়িতে কয়েকজন বেড়াতে এসেছিলেন। বিকেলে পরিবারের সদস্যদের সঙ্গে তারা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে সাঁতার না জানা তিনজন গভীর পানিতে তলিয়ে যান।
তাদের উদ্ধারে এগিয়ে গিয়ে সৌরভও নদীর পানিতে তলিয়ে যান। পরে আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন।
বিকেলে ফায়ার সার্ভিসের অভিযান
খবর পেয়ে স্থানীয়রা নদীতে নেমে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা করলেও তাদের সন্ধান পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের ডুবুরি দল শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত নদীতে উদ্ধার অভিযান চালায়। তবে ওই সময় নিখোঁজদের কোনো সন্ধান না পাওয়ায় দিনের অভিযান স্থগিত করা হয়।
শনিবার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু হলে শান্ত ও ওবায়দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ শান্তা ও সৌরভের সন্ধানে ডুবুরি দলের অভিযান চলছে।
Reporter Name 


























