
মো. মুক্তাদির হোসেন, বিশেষ প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জে ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ এ কে এম ফজলুল হক মিলন। প্রধান বক্তা ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিয়া সুলতানা, অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রকৌশলী মো. আবুল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব ইব্রাহিম প্রধান এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খায়রুল আহসান মিন্টুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কৃষকরা।
অনুষ্ঠানে কৃষি পুনর্বাসন সহায়তা খাত এবং ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়)-এর আওতায় ৬৪টি শিক্ষা প্রতিষ্ঠান, ৩টি প্রদর্শনী পুকুর এবং ১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়।
বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল ৫ হাজার ২৮৪টি ফলজ ও বনজ গাছের চারা, ৪ হাজার ৭০০টি বাঁশের খুঁটি, মিষ্টি কুমড়া, লাউ, শসা, বেগুন, পুঁইশাক, পালং শাক ও কলমী শাকের বীজ, ৯ হাজার ৬০০টি মাছের পোনা, ৪৫০ কেজি মাছের খাদ্য, ২৬ হাজার ৫০০ কেজি জৈব সার, ১৫ কেজি টিএসপি সার, ৩০ কেজি জি-ইউরিয়া, ৩০ কেজি খৈল, ২৪ কেজি চুন এবং ৩টি সাইনবোর্ড।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উপকরণ কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি ফলন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
Reporter Name 






















