
আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে সোবহানা মোস্তারির দল।
শুক্রবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে নির্ধারিত ওভারে ১৩১ রান সংগ্রহ করে। জবাবে মাত্র ১ উইকেট হারিয়ে ১৫ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশের মেয়েরা। উদ্বোধনী জুটিতে দিলারা আক্তার ও সাথী রানি মিলে ১০৪ রান যোগ করেন। তাঁদের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের পথ অনেকটাই সহজ হয়ে যায়।
দলীয় ১০৪ রানে সাথী রানি আউট হন। ৪৩ বলে ৪৫ রান করেন এই ওপেনার। এরপর শারমিন আক্তারকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করেন দিলারা আক্তার। ৬৮ রানে অপরাজিত থাকেন তিনি। অন্যদিকে শারমিন ৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক জোসেফিন এনকোমো। পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৩১ রান সংগ্রহ করে দলটি। সপ্তম ওভারে বিলাভড বিজাকে ১২ রানে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন রাবেয়া খান।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও চতুর্থ উইকেটে ভালো জুটি গড়ে তোলে জিম্বাবুয়ে। চিপো মুগেরি-ত্রিপানো ৩০ বলে ৪০ রান করেন। অধিনায়ক জোসেফিন এনকোমোর ব্যাট থেকে আসে ৩৫ রান। এছাড়া কেলিস এনদোভলু ২২ এবং গুয়ানজো ১১ রান করেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে দুর্দান্ত পারফরম্যান্স দেখান রাবেয়া খান। তিনি একাই শিকার করেন ৩টি উইকেট। দিশা বিশ্বাস পান ২টি উইকেট এবং রিতুমনি নেন ১টি উইকেট।
এই জয়ের মধ্য দিয়ে পাকিস্তানের কাছে প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানোর বার্তা দিল বাংলাদেশের মেয়েরা।
Reporter Name 




























