ইভা ফাতেমা, নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরিফ মায়াকে সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মূল্যায়নের দাবি জানিয়েছেন জেলা মহিলা দলের নেত্রীবৃন্দ। এ বিষয়ে তারা দলের শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এক বিবৃতিতে তারা বলেন, দলের কঠিন সময়ে যখন অনেকেই নীরব ছিলেন, তখন রহিমা শরিফ মায়া রাজপথে সক্রিয় থেকে আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নারায়ণগঞ্জ জেলার পাঁচটি থানার মহিলা দলকে সংগঠিত ও সক্রিয় রেখে তিনি সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। গ্রেপ্তার ও নির্যাতনের মুখেও তিনি দলের কর্মসূচিতে অবিচল ছিলেন।
নেত্রীবৃন্দ আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর আদর্শ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–এর নেতৃত্বের প্রতি আস্থা রেখে তিনি দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
বিবৃতিতে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে রহিমা শরিফ মায়াকে মূল্যায়ন করা হলে দল ও দেশ উপকৃত হবে এবং তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের যথার্থ মূল্যায়ন হবে।
নেত্রীবৃন্দের মতে, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলকে তিনি যেভাবে সুসংগঠিত ও শক্তিশালী নেতৃত্বের মাধ্যমে পরিচালনা করছেন, তা সংগঠনের জন্য গর্বের বিষয়।
Reporter Name 
























