
ইহক তৈয়ব:
পিছিয়ে পড়া ও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে শিক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে “পাবলিকিয়ান ফোরাম অব এমপিসি”-এর উদ্যোগে আয়োজিত “শিক্ষার জয়যাত্রা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬” উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

গত ৩০ মে শনিবার সকাল ১০টায় মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
“পাবলিকিয়ান ফোরাম অব এমপিসি”-এর সভাপতি কাউছার আলমের সভাপতিত্বে এবং টাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. দ্বীন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার (শামীম)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক পরিচালক হুমায়ুন কবির তালুকদার, সড়ক ও জনপদ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শওকত আলী, জাস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. আবু বকর সিদ্দিক, বসুন্ধরা গ্রুপের ডিএম (এটেস্ট) ও রাবেয়া ফাউন্ডেশনের সভাপতি আলহাজ মো. আমিনুল ইসলাম, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রবিউল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা প্রদান, ঝরে পড়া রোধ এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সন্তানদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে “পাবলিকিয়ান ফোরাম অব এমপিসি”-এর প্রশংসনীয় ভূমিকার কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘জাস ফাউন্ডেশন (JAS Foundation)’-এর সহযোগিতা। শিক্ষা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জাস ফাউন্ডেশন।
অনুষ্ঠান শেষে জাস ফাউন্ডেশনের সহযোগিতায় কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়। পাশাপাশি অনুষ্ঠান বাস্তবায়নে সংগঠনটির পক্ষ থেকে আর্থিক সহযোগিতাও প্রদান করা হয়, যা আয়োজনে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
এদিকে জাস ফাউন্ডেশনের চেয়ারম্যান মোসাঃ তানজিলা সুলতানা মায়ের অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করেন। তিনি অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করে আয়োজকদের প্রতি শুভেচ্ছা জানান।
শিক্ষা ও মানবিক উন্নয়নে জাস ফাউন্ডেশনের এমন উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। উপস্থিত অতিথিরা ভবিষ্যতেও এ ধরনের শিক্ষাবান্ধব ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
Reporter Name 











