
হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ:
দেশের স্বার্থবিরোধী মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত কথিত ‘দাসত্ব চুক্তি’ বাতিলের দাবিতে গণ-সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)।
শুক্রবার (১৫ মে ২০২৬) বিকেল ৩টা ৪৫ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন দলের সভাপতি এম এ আলীম সরকার।
সমাবেশে তিনি বলেন, পশ্চিমা কর্তৃত্ববাদী শক্তিগুলো বিভিন্ন অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক চুক্তির মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ ক্ষুণ্ন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি অভিযোগ করে বলেন, “জাতীয় নির্বাচনের তিন দিন আগে ড. ইউনুস দেশের স্বার্থবিরোধীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন চুক্তি করেছেন, যা দীর্ঘমেয়াদে বাংলাদেশকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে নির্ভরশীল করে তুলতে পারে।”
এম এ আলীম সরকার আরও বলেন, “বিদেশি শক্তির চাপের কাছে নতি স্বীকার করে দেশের নীতিনির্ধারণ করা মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয় স্বার্থের পরিপন্থী। বাংলাদেশের জনগণ এমন কোনো চুক্তি মেনে নেবে না, যা দেশের শ্রমজীবী মানুষ, কৃষক, ছাত্র-যুবসমাজ এবং জাতীয় অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলে।”
তিনি বলেন, বর্তমান বিশ্ব বাস্তবতায় উন্নয়ন সহযোগিতা ও আন্তর্জাতিক সম্পর্ক গুরুত্বপূর্ণ হলেও তা অবশ্যই পারস্পরিক সম্মান, সমতা এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে হতে হবে। কোনো বৈষম্যমূলক ও একতরফা শর্তযুক্ত চুক্তি স্বাধীন দেশের মর্যাদার সঙ্গে সাংঘর্ষিক।
সমাবেশ থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—
- দেশের সার্বভৌমত্ববিরোধী সব চুক্তি প্রকাশ করতে হবে।
- জাতীয় স্বার্থবিরোধী মার্কিন চুক্তি বাতিল করতে হবে।
- বিদেশি হস্তক্ষেপ ও রাজনৈতিক চাপ বন্ধ করতে হবে।
- জনগণের মতামত ছাড়া কোনো আন্তর্জাতিক চুক্তি করা যাবে না।
- স্বাধীন ও আত্মনির্ভর অর্থনীতি গড়ে তুলতে হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন মোঃ জামাল উদ্দিন, তাহমিনা আক্তার বকুলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দলের সাধারণ সম্পাদক লেখক অমূল্য কুমার বৈদ্য।
Reporter Name 




























