মোঃ সাইফুল ইসলাম, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়। পরে এটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়াম হলরুমে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. ইউসুফ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুস সালাম।
শোভাযাত্রা ও সমাবেশে উপজেলা ও জেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও কৃষক দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে জেলা বিএনপির সদস্য, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য এবং বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুস সালাম বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর দেশের বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে।
তিনি আরও বলেন, কৃষকদের জন্য কৃষি কার্ড, পরিবারের নারীদের জন্য সহায়তা কার্ড এবং খাল খনন কর্মসূচিসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। ঠাকুরগাঁও-২ আসনের প্রত্যন্ত অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন নিয়েও সংসদে আলোচনা হয়েছে। এ আসনকে উন্নয়নের রোল মডেলে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সমাবেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Reporter Name 






















