আব্দুল্লাহ আল মামুন, হরিণাকুণ্ডু প্রতিনিধি, ঝিনাইদহ।
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবসটি উপলক্ষে হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের আয়োজনে দুর্যোগের ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ বছর দিবসটির প্রতিপাদ্য—‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি।’ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দিবসটি পালনের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রদীপ্ত রায় দীপন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আজিজুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হরিণাকুণ্ডু উপজেলা শাখার সভাপতি আবুল হাসান মাস্টার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী হরিণাকুণ্ডু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ইদ্রিস আলী মাস্টার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি মোকাবিলা এবং ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। দুর্যোগের আগে যথাযথ প্রস্তুতি গ্রহণ, দুর্যোগকালীন নিরাপদ আশ্রয় নিশ্চিত করা এবং দুর্যোগ-পরবর্তী সময়ে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
তারা আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় সচেতনতার চর্চা শুরু করতে হবে প্রতিটি পরিবার থেকে। পরিবারের সদস্যদের দুর্যোগকালীন করণীয় সম্পর্কে ধারণা দেওয়া, জরুরি পরিস্থিতিতে নিরাপদে আশ্রয় নেওয়ার প্রস্তুতি রাখা এবং স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে দুর্যোগের ঝুঁকি কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব।
বক্তারা দুর্যোগ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে বলেন, একটি নিরাপদ ও দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
দিবসটি পালনের মধ্য দিয়ে দুর্যোগের ঝুঁকি হ্রাস, আগাম প্রস্তুতি জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি নিরাপদ, সুরক্ষিত ও দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
Reporter Name 






















