
বর্ষা মৌসুমের মাঝামাঝি সময়ে চলতি আগস্ট মাসে দেশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
শনিবার (১ আগস্ট) প্রকাশিত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, আগস্ট মাসজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে কয়েকটি মৌসুমি বৃষ্টিবলয় সক্রিয় থাকতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকা এবং ঢাকা ও সিলেট বিভাগের কিছু অংশে বৃষ্টিপাত বেশি হতে পারে। বিশেষ করে সাতক্ষীরা, গোপালগঞ্জ, পটুয়াখালী, ভোলা ও হবিগঞ্জে ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে রাজশাহী ও রংপুর বিভাগের কিছু এলাকায় বৃষ্টি স্বাভাবিকের তুলনায় কম হতে পারে।
সংস্থাটি জানিয়েছে, আগস্টে বঙ্গোপসাগরে বড় ধরনের কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কম। তবে ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানির কারণে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি বেড়ে নিম্নাঞ্চলে মৌসুমি বন্যা দেখা দিতে পারে।
এ ছাড়া অতিরিক্ত বৃষ্টির কারণে দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলোতে সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে। চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি এলাকায় ভারি বর্ষণের ফলে পাহাড়ধসের ঝুঁকিও রয়েছে।
বিডব্লিউওটির পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রা মোটামুটি সহনীয় থাকলেও বৃষ্টির বিরতির সময়ে দেশের বিভিন্ন এলাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। তবে দীর্ঘমেয়াদি খরার কোনো আশঙ্কা নেই।
চার সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস
আগস্টের প্রথম সপ্তাহে (১–৮ আগস্ট) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মেঘের আধিক্য থাকতে পারে। এ সময়ে রংপুর, সিলেট, ময়মনসিংহ ও উত্তর চট্টগ্রামে ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দ্বিতীয় সপ্তাহে (৯–১৬ আগস্ট) বঙ্গোপসাগরে একটি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হওয়ার পাশাপাশি দক্ষিণাঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
তৃতীয় সপ্তাহে (১৭–২৪ আগস্ট) দেশের ওপর শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয় সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময়ে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও রংপুরসহ দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।
চতুর্থ সপ্তাহে (২৫–৩১ আগস্ট) বঙ্গোপসাগরে নতুন একটি মৌসুমি সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টিবলয় সক্রিয় থাকতে পারে।
এদিকে, চলতি মাসে ১২ আগস্ট পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এবং ২৮ আগস্ট চন্দ্রগ্রহণ ঘটবে। তবে বাংলাদেশ থেকে কোনো গ্রহণই দেখা যাবে না বলে জানিয়েছে সংস্থাটি।
Reporter Name 





















