চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া এক লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা দেওয়ার পাশাপাশি ট্যাব উপহার দেওয়ার পরিকল্পনা করছে সরকার।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী বলেন, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী অ্যাওয়ার্ড দেবেন। একই সঙ্গে কৃতী শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করতে উপহার হিসেবে ট্যাব দেওয়ার বিষয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। এবার শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই বরাদ্দ বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে। শিক্ষায় এ ধরনের বিনিয়োগ অতীতে কোনো সরকার করেনি বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের শিক্ষায় উৎসাহিত করতে ‘পিংক সাইকেল’ বা গোলাপি সাইকেল দেওয়ার পরিকল্পনার কথাও জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, দেশে প্রায় ১৯ হাজার মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের মেয়েদের শিক্ষায় আরও উৎসাহিত করতে তাদের উপহার হিসেবে গোলাপি সাইকেল দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোই এর মূল উদ্দেশ্য।
Reporter Name 




























