রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে এখন পর্যন্ত ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
গুলশানে হঠাৎ মিছিল
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে গুলশান এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হঠাৎ মিছিল বের করেন।
পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে এগিয়ে গেলে মিছিলকারীদের পক্ষ থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে। পরে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে চলে যান।
উদ্ধার পাঁচ ককটেল
মিছিল ছত্রভঙ্গ করার পর ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সেখান থেকেই তিনজনকে আটক করা হয়।
পরে এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা ৩২ জনে দাঁড়িয়েছে।
মামলা হয়েছে
ঝটিকা মিছিল ও পুলিশের ওপর ককটেল নিক্ষেপের অভিযোগে শুক্রবারই সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়। মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Reporter Name 






















