শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালক, পরিবহন শ্রমিক ও সাধারণ যাত্রীরা। গ্যাসের স্বল্পচাপের কারণে উপজেলার বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। এতে যানজটের পাশাপাশি পরিবহন চলাচলেও বিঘ্ন ঘটছে।
শুক্রবার (৩১ জুলাই) উপজেলার বিভিন্ন সিএনজি পাম্প ঘুরে এমন চিত্র দেখা যায়। ভোর থেকেই গ্যাস নেওয়ার জন্য শত শত যানবাহন লাইনে দাঁড়িয়ে থাকলেও অনেক চালক দীর্ঘ সময় অপেক্ষার পরও পর্যাপ্ত গ্যাস না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।
স্থানীয় চালকদের অভিযোগ, একদিকে গ্যাসের সরবরাহ সংকট, অন্যদিকে বড় শিল্পকারখানার লরিতে বিপুল পরিমাণ গ্যাস সরবরাহের কারণে সাধারণ পরিবহনের জন্য সংকট আরও তীব্র হয়েছে। তারা দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করে স্থায়ী সমাধানের দাবি জানান।
কালিয়াকৈর পল্লী বিদ্যুৎ দেওয়ান সিএনজি পাম্পের ম্যানেজার নিখিল বরেন বলেন,
“বড় বোতল বা লরিতে এভাবে গ্যাস দেওয়া কতটা আইনসম্মত, তা আমার জানা নেই। তবে প্রায় সব পাম্পেই এভাবে গ্যাস সরবরাহ করা হয়। তাই আমরাও দিচ্ছি।”
সংশ্লিষ্টদের মতে, প্রাকৃতিক গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের চাপ হ্রাস পেয়েছে। ফলে যানবাহনে গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে এবং পরিবহন ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ছে।
এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচএম ফখরুল হোসাইন বলেন,
“গত কয়েকদিন ধরে গ্যাস পাম্পগুলোতে সরবরাহ সংকট রয়েছে। লরিতে গ্যাস সরবরাহের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় বাসিন্দা ও পরিবহন সংশ্লিষ্টরা দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করে জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেছেন।
Reporter Name 






















