
মিলন বৈদ্য শুভ, চট্টগ্রাম থেকে:
সনাতনী সংস্কৃতি, ঐতিহ্য ও ধর্মীয় আদর্শকে সংগীতের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে টিম আরাধ্যা নামে নতুন একটি মিউজিক্যাল গ্রুপের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে চট্টগ্রাম-এ।
গত শনিবার (৯ মে) সন্ধ্যা ৭টায় নগরীর ঐতিহাসিক গুরুধাম মন্দির প্রাঙ্গণে ধর্মীয় ভাবগম্ভীর ও বর্ণাঢ্য আয়োজনে সংগীত দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে শুভ সূচনা করা হয়। এতে পুরো মন্দির প্রাঙ্গণে এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্বামী রামানন্দ পুরী মহারাজ। তাঁর আশীর্বাণী ও মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে আয়োজনটি ধর্মীয় মর্যাদায় সমৃদ্ধ হয়ে ওঠে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজীব চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুতোষ সরকার, কঞ্চন তালুকদার, পলাশ কান্তি নাথ (রনি), প্রবাস কুমার দে, লায়ন বাসু চৌধুরী এবং লায়ন শিমুল নন্দী-সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন সনাতন সেচ্ছাসেবী ফাউন্ডেশন-এর চট্টগ্রাম বিভাগীয় টিম লিডার প্রভাত চৌধুরী (আপন), উজ্জ্বল দে, রুপন সরকার, রুপন দাশ ও অভি চৌধুরীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নতুন প্রজন্মের কাছে সনাতন ধর্মীয় কৃষ্টি, সংস্কৃতি ও মূল্যবোধকে সংগীতের মাধ্যমে পৌঁছে দেওয়াই ‘টিম আরাধ্যা’র মূল লক্ষ্য। তারা বলেন, “সংগীতের মূর্ছনায় সনাতনী আদর্শকে তুলে ধরা এবং সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়াই আমাদের অঙ্গীকার। এই যাত্রায় আমরা সকলের আশীর্বাদ ও সহযোগিতা কামনা করি।”
বর্ণাঢ্য এই আত্মপ্রকাশ অনুষ্ঠান ধর্মীয় আবহ, সাংস্কৃতিক পরিবেশনা ও ভক্তিমূলক আবেগে পরিপূর্ণ ছিল। উপস্থিত দর্শক-শ্রোতাদের হৃদয়ে এটি গভীর ছাপ ফেলে এবং ‘টিম আরাধ্যা’র নতুন যাত্রাকে স্মরণীয় করে তোলে।
Reporter Name 
























