
ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের হাজী ডাঙ্গী কবরস্থানের নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় রাতের আঁধারে মাদকসেবীসহ অপরাধীদের আনাগোনা বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এরই মধ্যে কবরস্থানে স্থাপিত সোলার লাইটের প্যানেল, ব্যাটারি ও সংযোগ তার চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কবরস্থানের নিরাপত্তা নিশ্চিত করতে এবং রাতে আগত মানুষের সুবিধার্থে সেখানে সোলার লাইট স্থাপন করা হয়েছিল। কিন্তু কয়েকদিন আগে দুর্বৃত্তরা রাতের অন্ধকারে সোলার প্যানেল, ব্যাটারি ও সংযোগ তার চুরি করে নিয়ে যায়। ফলে বর্তমানে কবরস্থানটি সম্পূর্ণ অন্ধকারে রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাতের বেলায় কবরস্থানের আশপাশে মাদকসেবীদের আনাগোনা রয়েছে। পর্যাপ্ত আলোর অভাবে তারা নির্বিঘ্নে সেখানে অবস্থান করে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর কবর জিয়ারতে আসা মানুষ ভীতি ও শঙ্কার মধ্যে থাকেন।
স্থানীয় বাসিন্দা সালাম মুন্সি বলেন, “হাজী ডাঙ্গী কবরস্থানটি আমাদের এলাকার একটি গুরুত্বপূর্ণ ও পবিত্র স্থান। কিন্তু পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় সন্ধ্যার পর এখানে মানুষের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সোলার প্যানেল, ব্যাটারি ও তার চুরি হয়ে যাওয়ায় পুরো কবরস্থান অন্ধকারে ডুবে আছে। প্রশাসন দ্রুত নতুন করে আলোর ব্যবস্থা নিশ্চিত করলে মানুষ নিরাপদে কবর জিয়ারত করতে পারবে এবং অপরাধীরাও এই স্থানকে অসামাজিক কর্মকাণ্ডের জন্য ব্যবহার করতে পারবে না।”
স্থানীয়দের দাবি, কবরস্থানে দ্রুত নতুন সোলার লাইট স্থাপন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, নিয়মিত নজরদারি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বৃদ্ধি করা প্রয়োজন। একই সঙ্গে চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনারও দাবি জানিয়েছেন তারা।
এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসনের দ্রুত উদ্যোগে হাজী ডাঙ্গী কবরস্থানের নিরাপদ ও শান্ত পরিবেশ পুনরুদ্ধার হবে এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে।
Reporter Name 


























