পটুয়াখালীর কলাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক শিক্ষার্থীদের বহনকারী একটি ডাবল ডেকার স্লিপার বাস পুকুরে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের খলিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০১ ও ২০২৩ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা কুয়াকাটা ভ্রমণের জন্য আইকনিক পরিবহনের বাসটি রিজার্ভ করেছিলেন। রাতে প্রায় ২০ থেকে ২৫ জন পর্যটক নিয়ে বাসটি ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশে যাত্রা করে।
সকালে বাসটি খলিলপুর এলাকায় পৌঁছালে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশের একটি অগভীর পুকুরে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ১৫ জন আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে গুরুতর আহত ছয়জনকে কলাপাড়া হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি আটক করেছে। তবে ঘটনার পর থেকে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, “বাসটি আটক করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। আহতদের মধ্যে কারও অবস্থা আশঙ্কাজনক কি না, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
ইত্তেফাক/এমএএম
Reporter Name 






















