
আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা (যশোর):
যশোরের ঝিকরগাছায় টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ৩ দিনব্যাপী ‘কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা ২০২৬’-এর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শুরুর আগে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. আবদুর রশিদ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাসুমা আখতার, থানার সেকেন্ড অফিসার এসআই (নি.) আলিমুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, অধ্যাপক জয়নাল আবেদীন, অধ্যাপক হারুন অর রশিদ, বিএনপির উপজেলা সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার এবং কৃষকদের মাঝে নতুন উদ্ভাবন পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মেলায় বিভিন্ন স্টলে উন্নত জাতের ফসল ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে।
উল্লেখ্য, ৫ মে থেকে শুরু হওয়া এই মেলা আগামী তিন দিন সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
Reporter Name 





















