মোঃ ফজলুল কবির গামা, বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ
ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের ধনঞ্জয়পুর গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধনঞ্জয়পুর গ্রামে সামাজিক নেতৃত্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাহিদ বিশ্বাস ও শাহাবুর রহমানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও উত্তেজনা চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন।
সংঘর্ষের পর এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, কয়েকদিন ধরে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। বৃহস্পতিবার সকালে সংঘর্ষের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
স্থানীয়দের মতে, দীর্ঘদিনের সামাজিক বিরোধ ও নেতৃত্বের দ্বন্দ্বের কারণে এ সংঘর্ষের সূত্রপাত। তাদের প্রত্যাশা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির পাশাপাশি উভয় পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে বিরোধের স্থায়ী সমাধান হবে। এতে ভবিষ্যতে এ ধরনের সংঘাত ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হবে।
Reporter Name 






















