
চাঁদপুর প্রতিনিধি
“এ দেশের দৃষ্টি প্রতিবন্ধীরা এখনো তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। সরকার ফ্যামিলি কার্ড দিচ্ছে, কিন্তু কতজন দৃষ্টি প্রতিবন্ধী পরিবার এর আওতায় এসেছে—তা খতিয়ে দেখা প্রয়োজন। সরকার যদি বিষয়টি গুরুত্ব দিয়ে না দেখে, তাহলে ভবিষ্যতে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।”
জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. আইউব আলী হাওলাদার এসব কথা বলেন।
শনিবার (১ আগস্ট) দুপুরে চাঁদপুর শহরের ওয়ারলেস এলাকায় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে জেলা প্রশাসক কর্তৃক বরাদ্দকৃত চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইউব আলী হাওলাদার বলেন, “দৃষ্টি প্রতিবন্ধীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তারা কারও দয়া নয়, তাদের ন্যায্য অধিকার চায়। সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচিতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারগুলোকে আরও বেশি অন্তর্ভুক্ত করতে হবে।”
তিনি আরও বলেন, “বর্তমান সরকার প্রতিবন্ধীবান্ধব উদ্যোগ গ্রহণ করেছে। তবে মাঠপর্যায়ে এসব সুবিধা প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছাচ্ছে কি না, তা নিশ্চিত করা জরুরি।”
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রমের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, “প্রতিবন্ধীদের কল্যাণে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কার্যক্রম পরিচালনায় কোনো ধরনের বাধা বা হয়রানি কাম্য নয়। আমরা সংঘাত চাই না, আমরা আমাদের অধিকার চাই।”
তিনি বলেন, “দৃষ্টি প্রতিবন্ধীরাও এ দেশের নাগরিক। তাদের সম্মান, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা আন্দোলন নয়, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাই।”
চাঁদপুরের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে আইউব আলী হাওলাদার বলেন, “চাঁদপুরে অনেক শিল্পপতি ও সমাজের স্বচ্ছল মানুষ রয়েছেন। তারা চাইলে দৃষ্টি প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।”
তিনি জানান, চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থাকে এক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ওই চাল সংস্থার উদ্যোগে ৪০টি দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের মধ্যে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা চাঁদপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. আইউব আলী হাওলাদার।
সংস্থার চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম মাঝির পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহসভাপতি মো. সিদ্দিকুর রহমান মাল ও হাফেজ সিরাজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রফিক খান, কোষাধ্যক্ষ সামিয়া আক্তার, স্বেচ্ছাসেবী প্রতিবন্ধী সাইফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা দৃষ্টি প্রতিবন্ধী মানুষের অধিকার রক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে তাদের অন্তর্ভুক্তি এবং সরকারি-বেসরকারি সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।
Reporter Name 






















