উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি, নড়াইল
নড়াইলে মাদরাসার ১০ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকারের মামলায় মেরাজ আলী (২৫) নামে এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মেরাজ আলী চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রুদ্রপুর কালিয়াবকরি গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণীতে জানা যায়, নড়াইল পৌরসভা এলাকার একটি মাদরাসায় গত বছরের ১০ জুলাই রাতে ওই ছাত্রকে তার নিজ কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করেন দণ্ডপ্রাপ্ত মেরাজ আলী। পরে তার মা-বাবাকে কিছু না বলার জন্য শিশুটিকে ভয় দেখান।
দুই মাসে ওই শিক্ষক একাধিকবার তাকে বলাৎকার করেছেন—এমন ঘটনা শিশুটি তার মাকে জানায়। বিষয়টি জানাজানি হলে মেরাজ আলী পালিয়ে যান। পরে ১২ জুলাই স্থানীয় লোকজন মেরাজ আলীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় ওই শিশুর মা সদর থানায় মামলা করেন।
নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আজিবুর রহমান আজিজ বলেন, আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ আদায় করে শিশুটির পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
Reporter Name 
























