
আবুনাঈম রিপন,
নরসিংদী প্রতিনিধি
নরসিংদী জেলাকে মাদকমুক্ত রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। রবিবার (৫ জুলাই) পরিচালিত পৃথক অভিযানে ৭ জন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
নরসিংদী মডেল থানা পুলিশের একটি দল সাটিরপাড়া বকুলতলা ও বানিয়াছল কোনাপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক কেনাবেচার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করে। তারা হলেন— জয় ওরফে পঁচা (২৮), মো. সুমন (২৮), মো. হৃদয় মিয়া, সোহেল মিয়া (৪২) এবং শাহ আলম (৫৫)।
পুলিশ জানায়, জয় ওরফে পঁচার বিরুদ্ধে পাঁচটি মাদক মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে। এছাড়া সোহেল মিয়ার বিরুদ্ধে একটি মাদক মামলা এবং শাহ আলমের বিরুদ্ধে একটি মাদক ও একটি অন্যান্য মামলা রয়েছে।
বেলাব থানা পুলিশ পৃথক অভিযানে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টের সাজাপ্রাপ্ত দুইজন এবং পরোয়ানাভুক্ত চারজনসহ মোট ছয়জনকে গ্রেফতার করে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পলাশ থানা পুলিশের অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে বারারচর এলাকা থেকে ১১ পিস ইয়াবাসহ মো. ইমরান (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এছাড়া পুলিশ আইনের ৩৪ ধারায় একজন এবং একটি নিয়মিত মামলায় আরও একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।
রায়পুরা থানা পুলিশ পাড়াতলী ইউনিয়নের আলীনগর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. সোহেল মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এদিকে মাধবদী থানা পুলিশ দিগন্ত হত্যা মামলায় ব্যবহৃত সিএনজি চালকসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত মোট চারজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।
পুলিশ সূত্র জানায়, মাদক ও অপরাধ দমনে নরসিংদী জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Reporter Name 






















