মোঃ শফিয়ার রহমান, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় গত এক বছরে ৬৩টি ছোট-বড় সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও ৪৯ জন আহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) বেলা ১১টায় নিরাপদ সড়ক চাই (নিসচা) পাইকগাছা শাখার উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনটির সদস্য এসএম আলাউদ্দিন সোহাগ। তিনি জানান, ২০২৫ সালের ২২ অক্টোবর থেকে ২০২৬ সালের ২০ সেপ্টেম্বর পর্যন্ত পাইকগাছা উপজেলায় ৬৩টি সড়ক দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় ৮ জন প্রাণ হারান এবং আহত হন ৪৯ জন।
লিখিত বক্তব্যে নিহত ব্যক্তিদের পরিচয় তুলে ধরে তিনি জানান, ২০২৫ সালের ২০ অক্টোবর পাইকগাছা বাসস্ট্যান্ড এলাকায় খতিব মাওলানা সোলাইমান হোসেন নোমানি (৫২), ৩১ অক্টোবর হরিদাসকাটি গ্রামের সোহরব গাজী (৬০) এবং ২৯ নভেম্বর পাইকগাছা ফসিয়ার রহমান কলেজের শিক্ষক গোলাম আজম (৫৩) সড়ক দুর্ঘটনায় নিহত হন।
এ ছাড়া ২০২৬ সালের ২৭ মে মামুদকাটি গ্রামের বিশ্বজিৎ দাশ (৩০), ৩ জুন লস্কর খড়িয়া গ্রামের দিনমজুর সাঈদুর রহমান (২৬), ৭ জুলাই হরিদাসকাটি গ্রামের কাঁকড়া ব্যবসায়ী সনু হোড় (৬০), ৩০ জুলাই আলমতলা গ্রামের আজিজুল জমাদ্দার (৫৫) এবং ২৩ আগস্ট গদাইপুর গ্রামের আব্দুল্লাহ (৫২) সড়ক দুর্ঘটনায় নিহত হন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত বছর সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা ছিল ১৫ জন। সে তুলনায় এ বছর নিহতের সংখ্যা ৭ জন কমেছে। তবে সড়ক দুর্ঘটনা পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
লিখিত বক্তব্যে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে সড়ক ব্যবস্থাপনায় দুর্বলতা, জনসচেতনতার অভাব, টাস্কফোর্সের কার্যক্রম বাস্তবায়ন না হওয়া এবং অদক্ষ চালকদের দিয়ে যানবাহন পরিচালনার বিষয়গুলো তুলে ধরা হয়।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের দক্ষতা বৃদ্ধি, ট্রাফিক আইন বাস্তবায়ন, সড়ক ব্যবস্থাপনার উন্নয়ন এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি। পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই পাইকগাছা শাখার সভাপতি এইচ এম শফিউল ইসলাম, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, অ্যাডভোকেট একরামুল হক, সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম ও শুকুরুজ্জামান, হুরায়রা বাদশা এবং আবু হানিফ মিলনসহ সংগঠনের অন্যান্য সদস্য।
Reporter Name 





















