সাংবাদিক মোশাররফ হোসেন জসিম পাঠান:
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের পানগাও গ্রামে টিকেট খেলা কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন আহত হওয়ার পাশাপাশি উভয় পক্ষের বাড়িতে পাল্টাপাল্টি হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে।
সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই ২০২৬ বিকেল প্রায় ৫টার দিকে পানগাও গ্রামে টিকেট খেলা নিয়ে সিরাজুল ইসলাম (সন্তু মিয়া)-এর ছেলে মোঃ সাগর মিয়া এবং একই গ্রামের আব্দুল হান্নান-এর ছেলে মোঃ সানোয়ার হোসেন-এর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে সাগর মিয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনার জেরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে পুরো গ্রামজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এদিকে, সানোয়ার হোসেনের চাচাতো ভাই মোঃ শরিফুল ইসলাম বাদী হয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে মোঃ আব্দুল হকসহ ৭ জনকে আসামি করা হয়।
পরে থানার এসআই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং থানায় মামলা রুজু হয়। যার কেন্দুয়া থানা মামলা নং-৩৬।
পুলিশ আসামি গ্রেপ্তারে অভিযান চালিয়ে আব্দুল হক ও সাগর মিয়াকে গ্রেপ্তার করে। এ খবর ছড়িয়ে পড়লে অন্যান্য আসামিরা বাড়ি ছেড়ে চলে যান এবং বাড়িগুলো পুরুষশূন্য হয়ে পড়ে।
অভিযোগ রয়েছে, এই সুযোগে প্রতিপক্ষ আসামিদের বাড়িতে হামলা চালিয়ে গরু, স্বর্ণালংকার, দোকানের টাকা-পয়সাসহ বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে যায়।
ঘটনার পর ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা সরেজমিনে তথ্য সংগ্রহ করতে গেলে গ্রামবাসীরা জানান, একটি খেলা কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে এ বিরোধের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন সাদেকুল ইসলাম, মোঃ সাইকুল মিয়া, মিনা আক্তার, আসমা আক্তার, কনিকা আক্তার, রেহেনা আক্তার, শেফালী আক্তার, ফাতেমা খাতুন, হেলেনা আক্তার, রুনা আক্তার, ঝামেলা খাতুন, খাদিজা খাতুন, সোমা আক্তার, অঞ্জনা আক্তার, এসমিন আক্তারসহ আরও অনেকে।
উল্লেখ্য, এলাকাবাসীর দাবি, এ ঘটনার পরিপ্রেক্ষিতে যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, তাই দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
Reporter Name 






















