মো. মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দুর্যোগের ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং জানমালের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে র্যালি, অগ্নিনির্বাপণ মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় ভাঙ্গুড়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলী আজগর, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ মহড়া। ফায়ার সার্ভিসের টিম লিডার মজিদের নেতৃত্বে সদস্যরা আগুন লাগার পরিস্থিতি তৈরি করে বাস্তবধর্মী পদ্ধতিতে আগুন নেভানোর কৌশল প্রদর্শন করেন। এ সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দ্রুত করণীয়, নিরাপদে উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং ক্ষয়ক্ষতি কমানোর বিভিন্ন পদ্ধতি তুলে ধরা হয়।
আলোচনা সভায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে বন্যা, অগ্নিকাণ্ড, বজ্রপাতসহ বিভিন্ন দুর্যোগে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সচেতনতা, প্রশিক্ষণ এবং যথাযথ প্রস্তুতির প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা।
এবারের আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের প্রতিপাদ্য ছিল—‘দুর্যোগে নয় ক্ষতি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’।
বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; প্রতিটি পরিবার ও নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। দুর্যোগের আগেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ, জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে ধারণা রাখা এবং নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
তাঁরা আরও বলেন, দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় ব্যক্তি, পরিবার, সামাজিক সংগঠন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ ও দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির মাধ্যমে দুর্যোগের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতির গুরুত্ব তুলে ধরা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার বার্তা দেওয়া হয়।
মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা 






















